
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকার ধারণ করেছে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম। বিশেষ করে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানাধীন কয়েকটি এলাকায় চিহ্নিত মাদক কারবারি ও তাদের সিন্ডিকেটের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।
ফতুল্লার দেওভোগ এলাকায় রাজু প্রধানের মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তাদের অত্যাচারে এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে এবং কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
অভিযোগ রয়েছে, আদর্শ নগর, বাসমলি নূর মসজিদ এলাকা ও ভুইয়ারভাগে প্রকাশ্যেই চলছে মাদকের কেনাবেচা। একটি শক্তিশালী সন্ত্রাসী বাহিনী থাকার কারণে এসব অপরাধের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছে না।
অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানাধীন মাঝিপাড়া এলাকায় রাজীব হোসেন কুট্রির নেতৃত্বে গড়ে উঠেছে একটি মাদক সিন্ডিকেট। একাধিকবার গ্রেফতার হলেও রহস্যজনক কারণে দ্রুত জামিনে বেরিয়ে এসে পুনরায় একই কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া ফতুল্লার সস্তাপুর এলাকায় হানিফ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ফকিরা গার্মেন্টসের ১ নম্বর গেট থেকে ৩ নম্বর গেট পর্যন্ত বিস্তৃত এলাকায় রমরমা মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা বলছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে এসব অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এবং গোপনীয়তা রক্ষা করে তথ্য সংগ্রহের আহ্বান জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ ভয় ছাড়াই সত্য তুলে ধরতে পারে।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
আপনার মতামত লিখুন :