
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: তানভীর মোস্তফা তাজ
বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সিনসেল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বন্যাকবলিত বিভিন্ন অঞ্চলের অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগ, অসুস্থতা ও যাতায়াত সংকটের মধ্যেও পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয়েছেন। তাদের দাবি, এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করেছে।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরার পর শিক্ষামন্ত্রীর দেওয়া একটি বক্তব্যে তারা অপমানিত ও ক্ষুব্ধ হয়েছেন। এ কারণে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন।
সমাবেশে ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘শিক্ষার্থীদের সঙ্গে তামাশা চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা দ্রুত শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং বন্যাকবলিত শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
তবে শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :