
সংগীতশিল্পী তাকবীর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ
নারায়ণগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা, সংগীতশিল্পী ও “দ্য স্টুডিও মিরর”-এর পরিচালক তাকবীর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানানো হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১ মে ২০২৬ তারিখে তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে কাজল, হাবিব ও রাজুর নাম উল্লেখ করা হয়েছে। হামলার এক পর্যায়ে তাকবীর হোসেনসহ তার সঙ্গে থাকা আরও দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বিশেষ করে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ করা হয়, যা ন্যাক্কারজনক ও বর্বরোচিত বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, তাকবীর হোসেন শুধু একজন গণআন্দোলনের কর্মী নন, তিনি একজন প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী এবং “দ্য স্টুডিও মিরর”-এর পরিচালক হিসেবে সাংস্কৃতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার ওপর এ হামলাকে শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে।
হামলার পর আহত অবস্থায় তিনি তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেন এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ অভিযোগ দায়ের করেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তাকবীর হোসেন ও অন্যান্য আহতদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
এ ধরনের হামলাকে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য হুমকি উল্লেখ করে বলা হয়েছে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
আপনার মতামত লিখুন :